নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথে লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান সাহেবের পক্ষ থেকে উপজেলার মুন্সিরগাঁও পল্লীমঙ্গল কন্টিবিউটেড একাডেমি পিএমসি উচ্চ বিদ্যালয়ের এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাদ জোহর বিদ্যালয়ের কনফারেন্স হলে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৬ জন শিক্ষার্থীকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের জনপ্রতি সম্মাননা ক্রেস্ট, ডাইরি ও কলম উপহার প্রদান করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ।
স্কুলের সহকারী শিক্ষক জুলফিকার আলীর পরিচালনায় অনুষ্ঠানে সোনাপুর চ্যারিটি গ্রুপের সামাজিক কার্যক্রম ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মো. শামীম মিয়া। এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার লামাকাজী ইউনিয়নে সোনাপুর চ্যারিটি গ্রুপ সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।তারা বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে বই, খাতা, কলম, ডনগদ অর্থ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে। ইউনিয়নের দরিদ্র ছাত্র ছাত্রীরা লেখা পড়া থেকে অর্থের অভাবে যাতে ঝরে পড়ে না যায় এবং তারা যাতে উচ্চ শিক্ষা অর্জন করে এলাকায় একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, এলাকার উন্নয়ন ও সুনাম বৃদ্ধি যেন করে সেই লক্ষে প্রতিটি বছর কয়েক লক্ষ টাকা তারা ব্যায় করছে। গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের এই পরিশ্রম, অর্থ ব্যয়, এলাকার উন্নয়নে অবদান রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কার্যক্রম আরো বেগবান হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিক নিশিকান্ত, সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাব ও চ্যারিটি গ্রুপের সদস্য মাওলানা ফারুক আহমদ, চ্যারিটি গ্রুপের সদস্য তারেকুল ইসলাম, এখলাছুর রহমান ও মিজানুর রহমান।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান, নাসরিন খাতুন, সুহেল মিয়া, জাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, নজরুল ইসলাম ও ফাহমিদা আক্তার ইভা, সাংবাদিক আক্তার হোসেন সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।